মাদারীপুরে মোবাইল চোরকে ধাওয়া করে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

মাদারীপুর জেলার রাজৈরে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হুজুরের পোশাক পরা হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার সকালে টেকেরহাট বাজারে হাসিবুলকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন মেরজন শেখ। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন হাসিবুলকে আটক করে মারধরের পর রাজৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হাসিবুল খাঁ বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত