অতিথি পাখির নিরাপত্তায় জাবিতে যেসব সিদ্ধান্ত

শীত মৌসুমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখি আসতে শুরু করেছে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

শীতের আগমনী বার্তার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। এসব পাখির নিরাপদ বিচরণ ও আবাসস্থলের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে পাখির নিরাপত্তা রক্ষায় জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং, মাছ শিকার, উচ্চ শব্দ সৃষ্টি ও জলাশয়ে প্লাস্টিক-পলিথিন ফেলা নিষিদ্ধসহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখির অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে জলাশয়গুলোকে ইতোমধ্যে তাদের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

পাখির অনুকূল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং ও মাছ শিকার করা যাবে না। জলাশয়ের আশপাশে ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা অন্য কোনোভাবে উচ্চ শব্দ সৃষ্টি থেকেও বিরত থাকতে হবে।

এ ছাড়া পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলা নিষিদ্ধ করা হয়েছে।

অতিথি পাখির নিরাপদ আশ্রয় ও নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত