রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. নরু আলম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নুর আলম চাকরি করতেন। সকালে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় তিনি রাজবাড়ীর সদর উপজেলার আফড়া-চন্দনী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ত্রিশালে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত