নোয়াখালী

অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন আল ফারুক একাডেমি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

নোয়াখালী জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়কে ৭৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল ফারুক একাডেমি।
 
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘নোয়াখালী জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক ডা. মো. শওকত। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল।

ফাইনালে চ্যাম্পিয়ন আল ফারুক একাডেমিকে ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেওয়া হয়। রানার্সআপ অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় পেয়েছে ১০ হাজার টাকা, ট্রফি ও মেডেল।

এ ছাড়া চারটি বিভাগে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা বোলার ও সেরা ব্যাটারের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিল্কি, তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক তাউছ মো. বেনি আমিন চৌধুরী, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলমসহ ক্রীড়ানুরাগী ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত