প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। আজ সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের জুলাই মাসে ড. তানাকার ঢাকা সফরের সময় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের স্মৃতিচারণ করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং দীর্ঘদিনের টেকসই উন্নয়নে জাপানের ধারাবাহিক সহযোগিতা ও জাইকার অসামান্য অবদানের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পের প্রস্তাব দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। দেশের বর্তমান উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাপানের পক্ষ থেকে সহজ শর্তে ঋণসহায়তা ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু নতুন কৌশলগত প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ গঠন, একটি আধুনিক ‘প্রযুক্তি ও উদ্ভাবন নগরী’ প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি। এ ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিগত বছরের ন্যায় বাজেট সহায়তা প্রদান অব্যাহত রাখার বিশেষ অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জাইকার পক্ষ থেকে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সময়োপযোগী উদ্যোগগুলো বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং উভয় দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকীসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের সংসদীয় মৈত্রী লীগের বৈঠক