বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, নেতাকর্মীদের পরিশ্রমের ওপর দাঁড়িয়ে কোনো বসন্তের কোকিল কিংবা জার্সি বদলকারী যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব যুবদলের নেতাকর্মীদের।
তিনি বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে বসন্তের কোকিল বা গুপ্ত বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও স্বজনপ্রীতির চেষ্টা করে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইলে প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হবে সেখানে বাধা দেওয়া। দলের মালিক সব নেতাকর্মী। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামস মতিন এবং জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ।