পদকজয়ীদের প্রাইজমানি নেই জাতীয় সাঁতারে!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু। তবে প্রতিযোগিতা শুরুর আগেই পদকজয়ীদের প্রাইজমানি বাদ দেওয়ার সিদ্ধান্তে হতাশার খবর এসেছে। গত আসরে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জজয়ীরা যে অর্থ পুরস্কার পেয়েছিলেন, এবার তা থাকছে না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

২০২৫ সালে অনুষ্ঠিত জাতীয় সাঁতারে স্বর্ণপদকজয়ীদের ২ হাজার, রৌপ্যপদক জয়ীদের ১ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের ৫০০ টাকা করে পুরস্কার দিয়েছিল ফেডারেশন। কিন্তু এবার পদকজয়ীদের জন্য কোনো আর্থিক পুরস্কার রাখা হয়নি। অন্যদিকে, রেকর্ড গড়লে সাঁতারুদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। সজল বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই ৫ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে রেকর্ড গড়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার গত বছরও ছিল। ফলে এবার এ ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এবারের প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪ গুনিতক ১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪ গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া গত বছর থেকে জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট চালু করা হয়েছে। ডাইভিংয়ে ছয়টি ইভেন্টের মধ্যে পুরুষ ও নারীদের জন্য তিনটি করে ইভেন্ট থাকবে। ওয়াটার পোলোসহ প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য থাকবে একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট। আজ বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর।

সর্বশেষ সর্বাধিক পঠিত