দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আংশিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলে ১১টা পর্যন্ত চলে। তবে বিভাগটি ছাড়া অন্য কোনো বিভাগে শ্রেণি কার্যক্রম শুরু হয়নি।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, ‘আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমাদের। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।’
বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, ‘আমাদের সকাল নয়টায় ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও সব ব্যাচেরই ক্লাস হচ্ছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা সকালে ক্যাম্পাসে এসে পৌঁছেছে। ইতিমধ্যে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
এদিকে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
চুয়েট পরিস্থিতি: সেশনজট এড়াতে শিক্ষকদের তিন চিন্তা
অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করল পুলিশ