শেরপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

শেরপুর সদরে বাসের ধাক্কায় জুয়েল মিয়া নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

বাসস জানায়, নিহত জুয়েল মিয়া (৪২) জেলার নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সদরের হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জুয়েল মিয়া নিহত হন এবং আরও চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত