স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় চলে আসছে পুলিশের ওপর: নাহিদ ইসলাম

'দেশে এত মাদকের স্পট নির্ধারিত হলো সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ একটি মাফিয়া স্টেজে পরিণত হয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে প্রতিমন্ত্রীদের হাতেও অস্ত্র। কোনো রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা আজ সন্ত্রাস নির্মূল করা যাচ্ছে না।'

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রালয়ে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার নির্দেশনা ও সিদ্ধান্তেই এই মন্ত্রণালয় চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আর তার ব্যর্থতার দায় চলে আসছে পুলিশের উপর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'দেশে এত মাদকের স্পট নির্ধারিত হলো সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ একটি মাফিয়া স্টেজে পরিণত হয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে প্রতিমন্ত্রীদের হাতেও অস্ত্র। কোনো রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা আজ সন্ত্রাস নির্মূল করা যাচ্ছে না।'

তিনি বলেন, 'আমরা দেখতে চেয়েছিলাম একটি নিরপেক্ষ শক্তিশালী অবস্থা। কিন্তু আমরা দেখতে পেলাম আইজিপি ক্রসফায়ারের কথা বলছেন। একটি শক্তিশালী বাহিনী মানে ক্রসফায়ার দেওয়া বা আইনবহির্ভূত কোনো কাজ করা না। এই বক্তব্যকে ঘিরে সারা দেশে আজ সমালোচনার শুরু হয়েছে। এই বক্তব্যের জন্য আইজিপির ভুল স্বীকার করা উচিত। ক্ষমা চাওয়া উচিত। কিন্তু পুলিশ তার বক্তব্যের পক্ষে সাফাই গাইছে।'

নাহিদ ইসলাম বলেন, 'সারা দেশে সরকারি লোকজনের ছত্রচ্ছায়ায় যে সন্ত্রাস বাহিনী গড়ে উঠছে, যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে তাদেরকে কীভাবে নির্ভয়ে গ্রেপ্তার করা যায়, সরকারের পক্ষ থেকে যাতে তাদের উপর কোনো চাপ প্রয়োগ করা না হয়, সরকারি দলের লোকজনকে আটক করলে কোনো পুলিশের যাতে চাকরি হারানো বা ডিমোশন না দেওয়া হয় এই বিষয়গুলো সরকারের কাছে বলা। এই বিষয়গুলো আমরা পুলিশ সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি।'

তিনি আরও বলেন, 'বর্তমানে সরকার একচেটিয়া দলীয় প্রভাব বিস্তার করছে। সকল প্রকার সরকারি নিয়োগে দলীয় লোকজনকে বসাচ্ছে। বর্তমানে যাকে তথ্য কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তিনি নিজেই সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে।'

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষ আজ উদ্বেগের মধ্যে রয়েছে। সকল ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। একজন পোশাক শ্রমিকের সর্বোচ্চ বেতন সাড়ে ১২ হাজার। তারা আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। এদিকে সরকার পে-স্কেল ঘোষণার মাধ্যমে গুটিকয়েক মানুষকেই সুবিধা দিচ্ছে। অন্য পেশার মানুষের অবস্থা আরও খারাপ হবে। একটি গণঅভ্যুত্থানের পর আমরা এই ধরনের পরিস্থিতি আশা করি নাই।'

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক (ঢাকা দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইয়েদ জামিলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত