ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন একজন। খুলনা বিভাগে ২১৪ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ) ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন ও সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত