স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্রসফায়ার নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির অসতর্কভাবে শব্দচয়ন করেছেন। তার এ ধরনের শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী সময়ে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দচয়ন হয়েছে। তিনি এ কথা বলেননি যে, ক্রসফায়ার করার নির্দেশনা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন কিংবা তিনি নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি। আমরা চাই দেশে আর কোনোদিন বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুম না হোক। প্রয়োজনে গুম প্রতিরোধে আরও আইন হতে পারে। বর্তমান সরকারের সময়ে গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের বিষয়ে সরকার তদন্ত করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সরকার।

অপরাধ দমনে দৃঢ় অবস্থান বোঝাতেই ‘ক্রসফায়ার’ শব্দ : এ নিয়ে গতকাল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং আত্মরক্ষার প্রয়োজনীয়তা বোঝাতেই ক্রসফায়ার শব্দ ব্যবহার করা হয়েছে। এটিকে বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘোষণা বা আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার বক্তব্য হিসেবে ব্যাখ্যা না করার আহ্বান জানানো হয়েছে। একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্য নিয়ে আলোচনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত। কোনো মন্তব্যের বিচ্ছিন্ন অংশের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছালে প্রকৃত বক্তব্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত