হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তাদের শরীরে লুকানো অবস্থায় পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। গতকাল রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে ৫৮৬-এ স্বর্ণ চোরাচালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম।
নজরদারির একপর্যায়ে চ্যান লিইউয়ান ও মো জিয়াউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হন। এ সময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক যাচাইয়ে এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।
আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সূত্র।