শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সড়ক অবরোধের কারণে সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠে (সাবেক আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ) সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নেমে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মিরপুর-ফার্মগেট সড়কে অবস্থান নেন। 

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। সড়ক অবরোধের কারণে সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৯৩৮ সালে তাদের প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণকৃত এই ঐতিহাসিক মাঠটি দীর্ঘদিন আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে ব্যবহারে হাতছাড়া ছিল। এখন মেলা সরিয়ে নেওয়ার পর জমিটি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা ও গবেষণার জন্য ফেরত দেওয়ার কথা থাকলেও সেখানে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শিক্ষার্থীরা জোর দিয়ে বলেন, ঢাকার বুকে এমন সবুজ উন্মুক্ত অঞ্চল ধ্বংস করে বিশালাকার মেগা স্থাপনা তৈরি করা হলে পরিবেশগত মারাত্মক বিপর্যয় ঘটবে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অবিলম্বে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে গবেষণা মাঠটি শেকৃবি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত