ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে এই অবরোধের কারণে মিরপুর, রূপনগর, সাড়ে ১১ নম্বর ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। এর ফলে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে মিরপুরে এ যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
পুলিশ বলছে, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপকমিশনার নাসের রিকাবদার বলেন, পুলিশ শ্রমিকদেরকে বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। কিন্তু পরে মিরপুর সাড়ে ১১ তে আরেকদল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করে। ফলে যান চলাচল শুরু করা যায়নি।
ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।