নেত্রকোনায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাউদা মনি ওমরগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল শিশু সাউদা মনি। এ সময় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা উল্টে শিশুটির ওপর পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা অটোরিকশাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত