জাবিতে বসছে ১৬তম প্রজাপতি মেলা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মেলায় প্রজাপতি ও পোষক উদ্ভিদবিষয়ক একটি নতুন বইও উন্মোচন করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা যেত। বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। প্রজাপতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করতে হবে। পাশাপাশি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তিনি বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ যথেষ্ট নয়। এর পাশাপাশি ঝোপঝাড়, লতাগুল্ম ও পোষক উদ্ভিদও রক্ষা করতে হবে। মেলায় উন্মোচন হতে যাওয়া নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ শনাক্ত করার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

অধ্যাপক মনোয়ার হোসেন আরও জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্যবিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত