সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ জন বাংলাদেশি কর্মীর মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদের মরদেহ দেশে পাঠানো হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
শনিবার যে পাঁচজনের মরদেহ আসছে তারা সবাই নওগাঁ জেলার বাসিন্দা। তারা হলেন—নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার শাহিন, এবং আত্রাই উপজেলার হাসিবুল হাসান শুভ (ডুবাই গ্রাম), মিনহাজ প্রামাণিক (মধ্যবোয়ালিয়া), মাসিদুল সরদার সজিব (মাধবপুর) ও সাগর আলী (সাধনগর)।
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান।
এর আগে গত ২৭ আগস্ট আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত হওয়া প্রথম দফার ৯ জনের মরদেহ দেশে এনে পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছিল।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওয়েজ অর্নার্স বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো কীভাবে দ্রুত আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দাফন ও এককালীন আর্থিক অনুদান সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।