এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

ঢাকার যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে এসআরবির ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. আজমল, মো. সোলাইমান, মো. শান্ত, জসীম উদ্দিন, সজিবুর রহমান আকবর, ইকবাল মিয়া, তানভীর আহমেদ, মো. রাশেদ, রকি আহম্মেদ সাগর, মো. আলমগীর, মো. শরীফ, মো. সালাম, কাল্লু মিয়া, মো. সুমন, মো. ফারুক, অপু, মো. জুয়েল, সাদ্দাম হোসেন, মো. ইয়াছিন, চান মিয়া, মো. ফালান, আব্দুল করিম, গোলাম রাব্বী, মো. ছিদ্দিক, মিনু ও শিল্পী বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার এ দিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলার একটি পরিত্যক্ত ভবনে মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি। অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ কয়েকজনকে আটক করা হয়।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে এসআরবির ওপর হামলা চালায়। তারা এসআরবির সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। হামলায় এসআরবির কয়েকজন সদস্য আহতও হন।

এ ঘটনায় ২৮ অক্টোবর এসআরবি-১০ কেরানীগঞ্জের লালবাগ ক্যাম্পের এএসআই আ. আহাদ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত