রাজধানীর হাতিরপুল এলাকায় আবু হাসান (১০) নামে এক মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাবাগান থানার হাতিরপুলের কাঁঠালবাগান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মো. রায়হান জানান, হাসান ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল। তার স্বভাব ছিল কিছুটা উদাসীন ও চঞ্চল। তাকে ঢাকার একটি মাদরাসায় ভর্তি করা হলেও সেখানে থাকতে চাইত না। সেখানে প্রায় দুই মাস থাকার পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে অন্য একটি মাদরাসায় ভর্তি করা হয়। সেখানেও সে কান্নাকাটি করত। পরে তার কষ্টের কথা বিবেচনা করে তার বাবা এক মাস আগে তাকে আবার ঢাকায় নিয়ে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে হাতিরপুলে থাকত হাসান।
রায়হান আরও জানান, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হাসান ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে বলে তাদের ধারণা। জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহত আবু হাসান কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। গত এক মাস ধরে পরিবারের সঙ্গে হাতিরপুলের কাঁঠালবাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।