বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা, শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী মারা গেছেন।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেবাহুতি ‘রাজবাড়ী ক্যানসার সোসাইটি’ সংগঠনের সংগঠক ছিলেন। তার মৃত্যুতে রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তিনি ক্যানসারে আক্রান্ত হন। পরে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নিজে ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও থেমে থাকেননি তিনি। ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সমমনা ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন ‘রাজবাড়ী ক্যানসার সোসাইটি’। সংগঠনটির মাধ্যমে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা-পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হতো।