দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ২ শিশু। সব মিলিয়ে ডেঙ্গু ও হাম উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হলো। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১৮ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।
এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪৩৫, বরিশাল বিভাগে ১৮২, চট্টগ্রামে ২৬৮, খুলনায় ১৩১, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩৬ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন। আর চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৬ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৫ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৩৯১ শিশু। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ২৫১ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৪৬ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৪৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৩৬ জন।