স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন

নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম

জটিল নারী স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার, প্রতিরোধ এবং হেলথ প্রমোশনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এন্ডোমেট্রিওসিস-এডেনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশের ‘৩য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ নারী এন্ডোমেট্রিওসিসের মতো দীর্ঘমেয়াদি ও প্রগ্রেসিভ রোগে ভুগে থাকেন। অথচ সামাজিক ট্যাবু ও সচেতনতার অভাবে এর বেশিরভাগ রোগীই থেকে যান শনাক্তহীন। এ সংকট উত্তরণে সরকার ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে এমএ মুহিত বলেন, যার মধ্যে অন্তত অর্ধ লাখ নারী স্বাস্থ্যকর্মী থাকবেন।

এ নারী স্বাস্থ্যকর্মীদের জন্য সহজ প্রশিক্ষণ মডিউল তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে নারীদের সঙ্গে এ স্বাস্থ্যকর্মীদের যোগাযোগের মাধ্যমে একদিকে যেমন সচেতনতা তৈরি হবে, তেমনি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে সঠিক রেফারেল পথ তৈরি করা সম্ভব হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে দক্ষ জনবল, প্রশিক্ষিত চিকিৎসক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে যুগোপযোগী করতে পারলে ৮০ শতাংশ মানুষ তাদের নিজ এলাকাতেই যথাযথ চিকিৎসাসেবা পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত