পাবনার মালঞ্চিতে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ এএম

পাবনা সদর উপজেলায় সোনাপাতির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ বিয়োগান্তক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকু-া এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন, নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা, শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ, শাহাদুলের ছেলে আব্দুল্লাহএবং ইবাদুলের ছেলে ইমন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন এলাকা থেকে একদল মানুষ ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আটজন মিলে বিলের মাঝের একটি অস্থায়ী টংঘরে আশ্রয় নেন।

এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং বাকি দুজন গুরুতর আহত হন। এলাকাটি প্রত্যন্ত ও দুর্গম হওয়ায় বেশ কিছুক্ষণ তারা সেখানেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি বেশ দুর্গম এলাকায়। খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত