রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান গুলিস্তানে ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরেন। বৃহস্পতিবার রাত ৩টা পার হয়ে গেলেও বাসায় না ফেরায় খুঁজতে গুলিস্তান যাই। সেখানে না পেয়ে ফেরার পথে সায়েদাবাদ জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে মানুষের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি, আরিয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
আরিয়ানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের ভূঁইয়া। যাত্রাবাড়ী মীর হাজিরবাগ এলাকায় থাকতেন। এক বছর আগে বিয়ে করেন তিনি। তার স্ত্রী মিম ৪ মাসের অন্তঃসত্ত্বা।