এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। পাসের হারে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে শীর্ষে ঢাকা বোর্ড হলেও কমেছে পাসের হার। এবার এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮০ শতাংশে।
অন্যদিকে পাসের হারে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবার সবার নিচে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ৪৫ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৫৫ জনই ফেল করেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ।
১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।
মাদ্রাসায় পাসের হার ৬১.০৭ শতাংশ
কুমিল্লা বোর্ডে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য
নটর ডেম কলেজে কমেছে পাসের হার ও জিপিএ-৫