চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাবতলী উপজেলার দুটি, ধুনট উপজেলার একটি এবং কাহালু উপজেলার দুটি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো, গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেননি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই ফেল করেছেন। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে, আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তিনিও পাস করতে পারেননি।
ফলে পাঁচটি প্রতিষ্ঠানের মোট ৫৪ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।