আমতলীতে আগুনে পুড়ল ৪ দোকান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের সদর রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজসংলগ্ন সদর রোডের বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাহার লাইব্রেরি, মিলনের গার্মেন্টস, নুরুল আমিনের কসমেটিকসের দোকান ও সুখরঞ্জন শীলের সেলুন পুড়ে যায়।

বাহার লাইব্রেরির মালিক মো. খলিলুর রহমান বলেন, দোকান খুলে পাশের একটি দোকানে চা পান করতে গিয়েছিলেন তিনি। এ সময় দেখতে পান, তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারছেন না। আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে।

কসমেটিকস বিক্রেতা নুরুল আমিন বলেন, আগুনের খবর পেয়ে এসে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, হঠাৎ একটি লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনই বলা সম্ভব নয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলের নিরাপত্তায় পুলিশ পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের সরকারি সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত