সাফের টিকিটে সাড়া নেই দর্শকদের

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম

দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা মাঠে বসে দেখার আগ্রহ থাকলেও টিকিটের উচ্চমূল্য বাধা হয়ে দাঁড়িয়েছে সাধারণ দর্শকদের জন্য। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি ম্যাচের জন্য ডে পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সীমিত আয়ের ফুটবলপ্রেমীদের অনেকেই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার পরিবর্তে টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ উপভোগের কথা ভাবছেন।

আগামী ৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে রয়েছে অনুষ্ঠান, বাংলাদেশ-ভুটান এবং ভারত-পাকিস্তান ম্যাচ। একেকটি ম্যাচের টিকিটের মূল্য ৫০০ টাকা হলেও একই দিনে দুটি ম্যাচ দেখতে হলে ১ হাজার টাকা দিয়ে ডে পাস কিনতে হচ্ছে দর্শকদের। টিকিট বিক্রি শুরুর প্রায় ২৪ ঘণ্টা পর গত শুক্রবার রাত ৯টার দিকে টিকিফাই ওয়েবসাইটে দেখা যায়, উদ্বোধনী দিনের জন্য প্রায় ১১ হাজার টিকিট অবিক্রীত রয়েছে। প্রায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার জাতীয় স্টেডিয়ামে তখনো অর্ধেকের মতো আসন ফাঁকা। বিক্রি হওয়া টিকিটের মধ্যে সাধারণ দর্শকদের পাশাপাশি করপোরেট বুকিংও রয়েছে। এর আগে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গিয়েছিল। তবে এবার টিকিটের দাম নিয়ে অসন্তোষ সমর্থকরা।

ফুটবল সমর্থক গোষ্ঠী রেড অ্যান্ড গ্রিন আর্মির রাফি ইকবাল বলেন, ‘টিকিটের মূল্য দেশের মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দর্শকদের মধ্যে আগ্রহও কম।’ তার মতে, মাসে ৩০ হাজার টাকা আয় করা একজন মানুষের জন্যও এক দিনের বেতনের বড় অংশ খরচ করে খেলা দেখতে যাওয়া কঠিন। টিকিটের পাশাপাশি যাতায়াতসহ অন্যান্য খরচও রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত