ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ গঠন হবে নতুন মজুরি বোর্ড।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা জানান, পোশাক শ্রমিকেরা আজও সড়ক অবরোধ করেছেন। এর ফলে বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এর আগে একই দাবিতে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা