সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ পরিবার সদস্য ও বন্ধু-বান্ধব মিলে মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর ছেলে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), একই এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তার স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), ছেলে দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)।
এছাড়া দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের তাকবির রহমান তানহির (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। থানায় আনার কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ও পরবর্তীতে সিলেটে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবরা পূর্বপরিকল্পিতভাবে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এছাড়া হাসপাতালে চিকিৎসার সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন প্রিন্স।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রতন শেখ।