এক বছর পূর্ণ করল প্রিসাইজ পেটল্যাব, চালু হলো মোবাইল অ্যাপ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালটি চালু করেছে নিজস্ব মোবাইল অ্যাপ। এর মাধ্যমে পোষা প্রাণীর চিকিৎসাসেবা নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট করা এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও দেখার সুবিধা পাওয়া যাবে।

গত ৩০ অক্টোবর গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউসে হাসপাতালটির বর্ষপূর্তি ও নতুন অ্যাপ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচিতি পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা এবং হাসপাতাল পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অতিথিদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা চালু করে প্রিসাইজ পেটল্যাব। প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের লক্ষ্য ছিল, পোষা প্রাণী অসুস্থ হলে মালিকেরা যেন দ্রুত সঠিক রোগ নির্ণয়, নির্ভরযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা পান।

দেশে পোষা প্রাণীর চিকিৎসাসেবা খাতের সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে হাসপাতালটি জরুরি চিকিৎসার নির্দিষ্ট প্রটোকল, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।

বর্ষপূর্তি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মোবাইল অ্যাপ চালু করা। অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই পোষা প্রাণীর চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মোবাইল ফোনেই দেখা যাবে প্রাণীটির চিকিৎসার নথি। এতে চিকিৎসাসেবা গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি একাধিক ধাপে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। একই সঙ্গে রোগীদের চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং প্রাণীপ্রেমীদের মতামত জানার ক্ষেত্রেও অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী—পথের প্রাণী, ঘরের পোষ্য কিংবা বন্য প্রাণী—সবার কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

প্রতিষ্ঠানটির দাবি, আলাদা জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। গত ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি হাসপাতালটির কার্যক্রম।

প্রতিষ্ঠানটির আরও দাবি, আলাদা জরুরি বিভাগ, উন্নত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা সমন্বিতভাবে রয়েছে এমন পশুচিকিৎসা হাসপাতাল দেশে এটিই একমাত্র। ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে রয়েছেন ৩০ জন চিকিৎসক। আয়তন ও চিকিৎসকসংখ্যার বিবেচনায় এটিকে দেশের সবচেয়ে বড় পশুচিকিৎসা হাসপাতাল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জরুরি সেবা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। এ সময়ে ৮০০টির বেশি অস্ত্রোপচার করা হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকার পোষা প্রাণীপ্রেমীদের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দ্বিতীয় বছরে পদার্পণ করে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং দেশে পোষা প্রাণীর চিকিৎসার মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে প্রিসাইজ পেটল্যাব।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত