চুয়েটে ফের শাটডাউন ঘোষণা, রুটিন দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে একদিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে কাল সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় জরুরি বিবৃতিতে নতুন করে এ কর্মসূচি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ঢাকায় যাওয়ায় ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। গত রবিবার বিকেল থেকেই এ দায়িত্ব কার্যকর হয়েছে এবং আগামীকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফেরা পর্যন্ত তা বলবৎ থাকবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, দাপ্তরিক কাজেই তিনি ঢাকা যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে অধ্যাপক দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন। 

তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান উপাচার্যকে তারা আগেই প্রত্যাখ্যান করেছেন। ফলে তার মাধ্যমে অন্য কাউকে রুটিন দায়িত্ব দিয়ে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা তারা মেনে নেবেন না।

শিক্ষার্থীরা জানান, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলনকারী শিক্ষার্থী মাহতাব হক বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলনের পর আমরা নিজেদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে ক্লাস-পরীক্ষায় ফিরেছিলাম। তবে আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের রুটিন দায়িত্ব অন্য একজনকে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে আমরা কাল শাটডাউন ডেকেছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত