জামালপুরে অনুষ্ঠিত হলো ‘রোবো ফেস্ট ২০২৬’

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘রোবো ফেস্ট-২০২৬’। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব ও ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে গতকাল এ উৎসবের আয়োজন করা হয়।

‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিক্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়।

উৎসবে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ এরিয়াল রোবোটিক্স, ইউআইইউ রেসকিউ রোভার ও ইউআইইউ মেরিনারসহ বিভিন্ন রোবট এবং প্রযুক্তিনির্ভর প্রকল্প। এতে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রদর্শনীতে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিক্সের সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল—এই তিনটি ক্ষেত্রে রোবোটিক্স প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গ্রাউন্ড রোবোটিক্সের আওতায় মার্স রোভার ও রেসকিউ রোভার, মেরিন রোবোটিক্সের আওতায় ইউআইইউ মেরিনার এবং এরিয়াল রোবোটিক্সের বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপ্রণালি ও ব্যবহারিক দিক সম্পর্কে জানার সুযোগ পান।

উল্লেখ্য, ইউআইইউর মার্স রোভার দল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম রিকগনিশন’ পুরস্কারও পেয়েছে। বাংলাদেশের রোবোটিক্স অঙ্গনে এ সাফল্যকে গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এশিয়ায় ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

অন্যদিকে, ইউআইইউর এরিয়াল রোবোটিক্স দল ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি দল হিসেবেও বিশেষ পরিচিতি পেয়েছে দলটি।

রোবো ফেস্ট-২০২৬ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। একই সঙ্গে রোবোটিক্স, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রকৌশল নকশা সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জামালপুরের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করবে। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান, প্রোগ্রামিং এবং রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত