জেবিএবির সভাপতি মোস্তাক, সম্পাদক শাহ জাহান

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর ২৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহ জাহান। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ইদ্রিস মিয়া।

সোমবার (২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটির অন্য পদে সহসভাপতি হয়েছেন কামরুজ্জামান ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন মাইনুদ্দিন ভূঁইয়া শিমুল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আতিকুল ইসলাম মানিক।

গত ১৫ আগস্ট রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) সংগঠনটির কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংগঠনের সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম অনুযায়ী, এর আগে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) ও সাধারণ সম্পাদক শাহ জাহান এক যৌথ বিবৃতিতে বলেন, নতুন কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ব্যাংকারদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত