প্রশ্ন : বাথরুমে মশার মতো এক ধরনের ছোট পোকা দেখা যায়। এগুলো সাধারণত কমোড ও এর আশপাশে থাকে। বাথরুমে প্রবেশ করলে পোকাগুলো উড়ে এসে শরীর বা পোশাকে বসে। অনেক সময় এগুলো কমোডের আশপাশে ঘোরাফেরা করে। এ অবস্থায় পোকাগুলোর পা বা ডানায় থাকা নাপাকির কারণে শরীর কিংবা পোশাক অপবিত্র হয়ে যাবে কি?
রাকিব হাসান, সাভার, ঢাকা
উত্তর : বাথরুমের কমোড ও আশপাশে থাকা মশার মতো ছোট পোকা শরীর বা পোশাকে এসে বসলে তা নাপাক হবে না। কেননা, এ ধরনের পোকা সাধারণত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চলাফেরা করলেও তাদের পা বা ডানায় নাপাকি লেগে থাকার বিষয়টি নিশ্চিত নয়। আর নাপাকি লেগে থাকলেও তা সাধারণত এত সামান্য পরিমাণে থাকে যে, এর কোনো দৃশ্যমান চিহ্ন বা আলামত প্রকাশ পায় না।
এ ছাড়া এ ধরনের পোকামাকড়ের আনাগোনা থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকাও বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বাথরুমের মতো স্থানে এগুলোর উপস্থিতি এড়ানো অনেক সময় সম্ভব হয় না। ইসলাম শরিয়তে মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেওয়া হয়নি। বরং কষ্ট ও অসুবিধার ক্ষেত্রে সহজতার বিধান রাখা হয়েছে। তাই এ ধরনের পোকা শরীর বা পোশাকে বসলে নাপাকির সন্দেহে তা ধোয়া কিংবা পোশাক পরিবর্তন করার প্রয়োজন নেই। এ কারণে শরীর ও পোশাক অপবিত্র হবে না। তবে পোকার গায়ে দৃশ্যমান নাপাকি লেগে থাকতে দেখলে এবং নিজের শরীরে লাগলে তা যথারীতি পরিষ্কার করে নিতে হবে।
(বাদায়েউস সানাইয়ে ১/২৩২, ফাতাওয়া খানিয়া ১/৩০, আলকিফায়া শরহুল হিদায়া ১/১৮৩, শরহুল মুনইয়া ১৭৯, রদ্দুল মুহতার ১/৩২৩)
উত্তর দিয়েছেন মুফতি হাসান আল মামুন