ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক অর্থ সচিব ও দেশের বিশিষ্ট অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী।
দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে তিনি সরকারি অর্থায়ন, পাবলিক-সেক্টর অডিট, ব্যাংকিং, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পাবলিক ডেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থ সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম কার্যক্রমে পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
বর্তমানে তিনি ইনাফি বাংলাদেশের বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান এবং আকিজ ইনসাফ গ্রুপের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন স্বতন্ত্র পরিচালককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এমহাসান বলেন, মুসলিম চৌধুরীর অর্থ সচিব ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ব্যাংকের সুশাসন, নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দিকনির্দেশনায় ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি আর্থিক খাতের সংস্কার ও আধুনিকায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে মুসলিম চৌধুরীকে ‘জনপ্রশাসন পদক’ প্রদান করা হয়।