সিলেটেও স্পিনে আস্থা বাংলাদেশের

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম

মিরপুরে স্পিননির্ভর উইকেট বানিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সিলেটেও স্পিনের ওপর আস্থা রাখতে চায় স্বাগতিকরা। যদিও সিলেটের উইকেট মিরপুরের মতো হবে না। প্রথম ইনিংসে রান আসবে, ঘাসও থাকবে উইকেটে। তবে ম্যাচের তৃতীয় দিন থেকেই সুবিধা পাবেন স্পিনাররা।

প্রথম টেস্টে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিনারদের জন্য সহায়ক উইকেট তৈরি করে বাংলাদেশ। তবে দুই দলের স্পিনারদের পারফরম্যান্সে ছিল বড় ব্যবধান। সফরকারী স্পিনাররা দুই ইনিংস মিলিয়ে নেন ১৬টি উইকেট। বিপরীতে বাংলাদেশের স্পিনাররা পান এর অর্ধেক অর্থাৎ মাত্র ৮টি উইকেট। এতে ঘরের মাঠের সুবিধা আদায় করতে না পারায় আক্ষেপ ঝরল টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কণ্ঠে, ‘আমরা যদি স্পিন খেলতে না পারি, পেসও খেলতে না পারি, তাহলে পছন্দের উইকেট বানিয়ে লাভ কী! আসলে আমরা ভালো খেলতে পারিনি, এটাই মূল কথা।’

তবে সিলেটে একই পথে হাঁটছে বাংলাদেশ। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে গ্রাউন্ডস কমিটিকে স্পিন উইকেটের ‘প্রেসক্রিপশন’ দেওয়া হয়েছে বলেই জানা গেছে। সে অনুযায়ী তৈরি হচ্ছে লাক্কাতুরা। ৫ নভেম্বর শুরু হবে মাঠের লড়াই। তার আগে গতকালও সবুজ আউটফিল্ড থেকে মূল উইকেট আলাদা করা ছিল কষ্টকর। তবে আজ এবং আগামীকাল ঘাস অনেকটাই ছেঁটে ফেলা হবে।

গ্রাউন্ডস কমিটির একজন সদস্যের মতে, মিরপুরের মতো শুরু থেকেই টার্ন পাওয়া যাবে না। প্রথম ইনিংসে ব্যাটাররা রান করার সুযোগ পাবেন। উইকেটে ঘাস থাকায় পেসাররাও কার্যকর হতে পারেন। তবে ম্যাচ যত এগোবে, স্পিনারদের জন্য পরিস্থিতি ততটা অনুকূল হয়ে উঠবে। এই কর্মকর্তার দাবি, ‘সিলেটের উইকেটে ঘাস একটু বেশি থাকবে। এখানে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারে। প্রথম ইনিংসে রান হবে। ব্যাটাররা রান করার সুযোগ পাবে।’

মিরপুরের ব্যর্থতার পর সিলেটে স্পিননির্ভর কৌশল কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা বাংলাদেশের ব্যাটারদের চেয়ে অনেক বেশি সফল হয়েছেন। সেই ব্যবধান কমাতে হলে বাংলাদেশের ব্যাটারদের যেমন স্পিন ভালো খেলতে হবে, তেমনি নিজেদের স্পিনারদেরও উইকেট নেওয়ার ধার বাড়াতে হবে।

বাংলাদেশ দলের জন্য এই টেস্টটি সিরিজ বাঁচানোর লড়াই। মিরপুরে ৮ উইকেটে হেরে পিছিয়ে আছেন নাজমুল হোসেন শান্তরা। সমতায় ফিরতে গতকাল রাতে সিলেটে পৌঁছেছেন তারা। ক্যারিবীয়রা ঢাকা থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে গেছে গতকাল দুপুরেই। আজ সেখানে প্রথম দিনের মতো অনুশীলন করবে দুই দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত