যুক্তরাষ্ট্রে ভোট আজ, জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ। এই ভোটের মাধ্যমে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটের আইনপ্রণেতাদের বেছে নেবেন ভোটাররা। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর সিনেটের পূর্বনির্ধারিত ৩৩ আসনের সঙ্গে ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে যথাক্রমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের শূন্য ঘোষিত আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন। ইতিমধ্যে এই নির্বাচনে সাড়ে ৫ কোটির বেশি আগাম ভোট পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদের বাকি দুই বছর কেমন কাটবে তা নির্ধারণ করবেন ভোটাররা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে জনমত জরিপে রিপাবলিকানদের থেকে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। কয়েকটি রাজ্যে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

এই মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীরা। আইওয়া থেকে ওহাইও, আলাস্কা থেকে কানসাস ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের শেষ মুহূর্তের প্রচারে সরগরম যুক্তরাষ্ট্র। নিজেদের পুরনো দুর্গ ধরে রাখতে প্রতিশ্রুতির ফুলঝুরি, এমনকি একে অপরকে ব্যক্তিগত আক্রমণেও পিছপা হচ্ছেন না প্রার্থীরা। প্রচারের শেষ দিনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত কানসাসের জনসভায় যোগ দিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবির ও এল সাইদকে তুলোধুনো করেছেন ট্রাম্প।

আইওয়া ও কানসাস রিপাবলিকানদের দুর্গ দাবি করে এই দুই অঙ্গরাজ্যে সমাবেশ বাতিলের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রচারের শেষ দুই দিনে সেখানেই ছুটে যান তিনি। দুই জনসভাতেই বিরোধী ডেমোক্র্যাটদের তুলোধুনো করেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রতিটি অঙ্গরাজ্যেই বিরোধীরা চরমপন্থি ও উগ্রপন্থিদের সমর্থন দিয়েছে। তারা প্রকাশ্যে সীমান্ত নিরাপত্তা শিথিল ও লাখ লাখ অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে কথা বলছেন। যে দল আমেরিকানদের ঘৃণা করে সেই দলকে দেশের নাগরিকদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

কানসাসের জনসভায় ট্রাম্প ঘোষণা দেন, অঙ্গরাজ্যের ১৫ হাজারেরও বেশি মানুষের বাড়ি কেনার প্রক্রিয়াকে সহজ করতে ২০২৭ সালে দুই মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান ফ্যানি মে ও ফ্রেডি ম্যাক বন্ধকী ঋণ খাতে চার দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ সময় আগামী দুবছর কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ভোটারদের সমর্থন চান তিনি।

বিপরীতে ভোটারদের মন জয়ে শেষ দিনও একের পর এক অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায়ে বাড়তি নজর তাদের। শেষ দিনের প্রচারেও আলোচনার তুঙ্গে ছিলেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী এল সাইদ। একেবারে শেষ মুহূর্তে এসে এল সাইদের পরিবর্তে আসনটির রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হ্যালি স্টিভেন্স।

তিনি বলেন, ‘এল সাইদ তার প্রচারে বলেছিলেন তার প্রচারণায় আমার কোনো স্থান নেই এবং আমার দূরে থাকা উচিত। হয়তো তিনি ঠিকই বলেছেন। এ কারণেই মিশিগানের রিপাবলিকান সিনেটর প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানাচ্ছি।’ প্রতিক্রিয়ায় এল সাইদ বলেন, ‘আমি স্টিভেন্সকে নিয়ে ভাবছি না। মিশিগানে এক কোটি মানুষের বাস। আমি তাদের কথা ভাবছি। তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছি। ভোটাররা জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তাদের জীবনমান উন্নয়নে কিছু করতে চাই।’

নির্বাচনপূর্ব জনমত জরিপের তথ্য অনুযায়ী, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের চেয়ে অনেক বেশি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সিনেটের মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোয় তারা সমানে-সমানে অথবা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। দ্য নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সাউথ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে লড়াই সমানে-সমানে হচ্ছে। অথচ ২০২৪ সালে এই অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ১৮ শতাংশ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সিএনএনের সাম্প্রতিক জরিপগুলোয় টেক্সাস, কানসাস এবং মেইন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। তবে অতীতে বেশ কয়েকবার জনমত জরিপ ভুল প্রমাণিত হয়েছে।

ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প : মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের কাছে চলে গেলে তাদের পাস করা বিলগুলো আটকে দিতে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা যদি কংগ্রেসের যেকোনো এক বা উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন। দ্য নিউ ইয়র্ক পোস্টের মিরান্ডা ডিভিনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে তিনি কীভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমি ‘মিস্টার ভেটো’ হয়ে উঠব। আমি তাদের এটি ধ্বংস করতে দেব না”।

তিনি ব্যাখ্যা করেন, ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলো তিনি প্রত্যাখ্যান করবেন এবং এক সময় তাদের আলোচনার টেবিলে আনতে ভেটো ক্ষমতা ব্যবহার করবেন। ট্রাম্প বলেন, তারা জিনিসপত্র পাঠাতে থাকবে। আপনি সেগুলোতে ভেটো দেবেন। এবং শেষ পর্যন্ত, এক বা দুই মাস ধরে সবগুলোতে ভেটো পড়ার পর যখন তারা দেখবে এটি কেবল সময় নষ্ট, তখন তারা এগিয়ে আসবে এবং আপনারা একটি সমঝোতায় পৌঁছাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত