জেলহত্যা দিবস আজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। জাতির ইতিহাসের একটি বেদনাবিধুর ও কালিমালিপ্ত দিন। ১৯৭৫ সালের এই দিনে রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল  ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে। ওই বছরের ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন সরকারে যোগ দেননি এমন কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তী অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ক্যু-পাল্টা ক্যুর রক্তাক্ত অধ্যায়ের মধ্যে ৩ নভেম্বর রাতের আঁধারে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকা- ইতিহাসে বিরল। এ হত্যাকা- ইতিহাসে জেলহত্যা নামে পরিচিতি পায়।

জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় পর দিন ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। একুশ বছর থেমে থাকার পর এ মামলার তদন্ত শুরু হয় ১৯৯৬ সালের পর। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে তিনজনের মৃত্যুদ-, ১২ জনের যাবজ্জীবন কারাদ- এবং অপর পাঁচজনকে খালাস দেওয়া হয়। ২০১৭ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগের চূড়ান্ত সংক্ষিপ্ত রায়ে ২০০৮ সালের হাইকোর্টের রায় বাতিল এবং ২০০৪ সালের নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জনই ধরাছোঁয়ার বাইরে। একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

জাতীয় চার নেতা স্মরণে ১৫ দিনব্যাপী ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আগারগাঁওয়ে অবস্থিত জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত