আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬-এ অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সংস্করণে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাহিদা আক্তার।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।
আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য ও প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা প্রমাণের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্যও এটি নিজেদের দক্ষতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ।
এবারের আসরে মোট ১০টি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ২০২৫ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ড এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদা আক্তারের দল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে জায়গা করে নেবে। সুপার সিক্সের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৩ নভেম্বর। এ পর্বে এক গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলো অন্য গ্রুপের উত্তীর্ণ দলগুলোর বিপক্ষে খেলবে। সুপার সিক্সের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে।
১০ দলের এই প্রতিযোগিতায় পাঁচটি পূর্ণ সদস্য দেশ ও পাঁচটি সহযোগী সদস্য দেশ অংশ নিচ্ছে। পূর্ণ সদস্য দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সহযোগী সদস্য দেশগুলো হলো নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
১৫ সদস্যের বাংলাদেশ দল
নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শানজিদা আক্তার ও সাথী রানি।