আজারবাইজানের বাকুতে ফিফার অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে ফুটবলারদের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। সব মিলিয়ে খেলোয়াড়দের জন্য ২৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা এসেছে। সেই হিসাবে প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে।
মঙ্গলবার দেশে ফেরার পর বাফুফে প্রাঙ্গণে এই তরুণ ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে, বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেন। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার কাছে হারের পর তিনি দলকে ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বৈশ্বিক এই ফুটবল ফেস্টিভ্যাল আয়োজন করে। মূলত তরুণদের ফুটবলে আকৃষ্ট করা এবং তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। বাংলাদেশ পঞ্চম স্তর বা ‘ই’ ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে। তবে পুরো আসরে ১৮৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। মূল শিরোপা জিতেছে স্পেন।
ফলাফল ও অবস্থানের বাইরে দলের কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স নজর কেড়েছে। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুই ম্যাচে টাইব্রেকারে দারুণ সেভ করেছেন।
আরও কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স বিদেশি ক্লাবগুলোর নজরে এসেছে বলে জানা গেছে। তরুণ ফুটবলারদের এই সম্ভাবনা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘ফলাফল বা অবস্থান যা-ই হোক, বাংলাদেশের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে। তাদের উৎসাহিত করতেই তিনি সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন ভবিষ্যতে ভালো ফুটবলার হয়ে উঠতে পারে, সে বিষয়ে বাফুফেকে দায়িত্ব নিতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, তৃণমূল ফুটবল নিয়ে ফেডারেশন কাজ করছে। দেশব্যাপী প্রায় এক বছর ধরে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজনের পর বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করা হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। তরুণদের অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয় পাশে রয়েছে