উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়ায় পৌঁছানোর সুযোগ এখন তাঁর সামনে। বর্তমানে ১৩টি গোল নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। আজ রাতে (মঙ্গলবার) অ্যাস্টন ভিলার বিপক্ষে আর মাত্র একটি গোল করতে পারলেই এমবাপ্পেকে ছাড়িয়ে ২০ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন ইয়ামাল।
কয়েক দিন আগেই এই দুই মহাতারকা মুখোমুখি লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অরের জন্য। শেষ পর্যন্ত ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর উঠলেও নতুন এই রেকর্ড ঘিরে আবারও আলোচনায় ইয়ামাল ও এমবাপ্পে। গত সপ্তাহে পিএসজির বিপক্ষে গোল করে ফরাসি তারকার ১৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ইয়ামাল। আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোল পেলেই তিনি এমবাপ্পেকে টপকে যাবেন। অবশ্য রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর কোনো চাপ নেই এই উইঙ্গারের ওপর; কারণ আগামী বছরের ১৭ জুলাই তাঁর বয়স ২০ স্পর্শ করবে। অর্থাৎ চলতি পুরো মৌসুমজুড়েই এই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
অনূর্ধ্ব-২০ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোলের এই পরিসংখ্যানটি আরও চমকপ্রদ হয়ে ওঠে পেছনের নামের তালিকা দেখলে। ইয়ামাল ও এমবাপ্পের ঠিক পরেই ১০টি গোল নিয়ে অবস্থান করছেন নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। এ ছাড়া এই বয়সে ৬টি করে গোল করার কীর্তি ছিল জুড বেলিংহাম, প্যাট্রিক ক্লাইভার্ট, করিম বেনজেমা ও রাউল গঞ্জালেসের মতো তারকাদের।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে দারুণ ছন্দে ও আত্মবিশ্বাসে টগবগ করছেন ইয়ামাল। গত শনিবার লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি ফার্মিন লোপেসকে দিয়ে এক গোল করিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে মাত্র তিন মাসের ব্যবধানেই এটি ছিল এক ম্যাচে ইয়ামালের তিনটি করে গোলে সরাসরি অবদান রাখার পঞ্চম ঘটনা। সব মিলিয়ে এই মৌসুমে ইতিমধ্যেই ১২টি গোল ও ১১টি অ্যাসিস্ট সম্পন্ন করে ফেলেছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন।
ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগে ১৮ ও ১৯ বছর পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ইয়ামালের দখলে। আজ রাতে ভিলা পার্কে কেবল অপেক্ষা—এমবাপ্পেকে পেছনে ফেলে অনূর্ধ্ব-২০ গোলের সর্বকালের রেকর্ডটিও এককভাবে নিজের নামে লিখে নেওয়ার।
টেন্ডুলকারের পরামর্শ, 'সূর্যবংশীকে নিয়ে তাড়াহুড়ো নয়'