কুইজে অংশ নিয়ে ফ্রিতে ওমরাহ পালনের সুযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

কুইজে অংশগ্রহণ করে সম্পূর্ণ ফ্রিতে জিতে নেওয়া যাবে ওমরাহ পালনের সুযোগ। এমনই একটি উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। 

অ্যাপটির ‘ডেইলি চ্যালেঞ্জ’ বা দৈনিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তিকে দেওয়া হবে দুটি ওমরাহ প্যাকেজ। অর্থাৎ লটারিতে যিনি বিজয়ী হবেন তিনি সঙ্গে আরেকজনকে নিয়ে ওমরাহ করতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন ১০ জন বিজয়ীকে দেওয়া হবে ২০ কার্টন করে জমজমের পানি। প্রত্যেকে নিজের জন্য ১০ কার্টন রাখতে পারবেন। বাকি ১০ কার্টন নিজের পছন্দমতো ১০ জনকে উপহার দিতে পারবেন।

এ প্যাকেজে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত থাকবে।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে পরবর্তী ৫০ দিন। পুরো সময়জুড়ে প্রতিদিনই থাকবে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।

অনেক মুসলমানের দীর্ঘদিনের স্বপ্ন পবিত্র মক্কা ও মদিনা সফর করে ওমরাহ পালন করা। তবে আর্থিক সামর্থ্যের অভাবে অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। নুসুকের এ উদ্যোগে ইসলামি জ্ঞানচর্চার পাশাপাশি বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে মোবাইল ফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ডেইলি চ্যালেঞ্জ বিভাগে প্রবেশ করে প্রতিদিনের প্রশ্নের উত্তর দিতে হবে এবং নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। এতে পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, ইসলামের ইতিহাস এবং হজ ও ওমরাহর বিধিবিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

আগ্রহীদের নুসুকের সরকারি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট বা অননুমোদিত লিংক এড়িয়ে চলতে বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত