নোয়াখালীতে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

নোয়াখালীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা বহনের অভিযোগে ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর (গনি মিয়ার বাড়ি) এলাকার নূর মোহাম্মদের স্ত্রী। তার সহযোগী গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৪) বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অশ্বদিয়া ওয়াবদার পোল বাজারস্থ জিয়া ফার্মেসীর সামনের রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মনি ও সিএনজি চালক সুমনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত