নোয়াখালীতে গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ এএম

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে দেড় কেজি গাঁজা ও পাঁচ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মহোদুরি এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. আরিফুর ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাজুল ইসলাম স্বপন (৪৮) নামের এক ব্যক্তিকে পাঁচ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আজিজুল্যাপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

অন্যদিকে একই দিন রাত ১০টা ৫৫ মিনিটে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর কাঠপট্টি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই মো. ওসমান গনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিজ বসতঘর থেকে মো. সাদ্দাম হোসেন (৩২) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সাদ্দাম ওই এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত