নিখোঁজের ২দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পাশে কুমিল্লার বুড়িচং উপজেলায় ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুইদিন পর আদনান নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আদনান (২৩) ইস্টার্ন মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও  ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে বাংলাদেশে ফেরেন। সোমবার (২ নভেম্বর) রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর থেকে আদনান নিখোঁজ ছিলেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সন্ধান চালানো কাজ শুরু করেন এর মধ্যে বুধবার সকালে ক্যাম্পাসের পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আদনানের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত