প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ এর সঙ্গে তুলনা করে মন্তব্যের ঘটনায় দায়িত্ব হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তবে প্রজ্ঞাপনে তাকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত রবিবার রাজধানীর একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ মসিউর রহমান বলেছিলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’
ওই দিন ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর দুই দিনের মাথায় তাকে দায়িত্ব থেকে সরানো হলো।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই সময়ে জারি করা অপর এক প্রজ্ঞাপনে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে।
অন্যদিকে নোয়াখালীর সাবেক জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানকে তার বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাজনিত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগের পর ২০২৫ সাল থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত প্রতিবেদন, নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় দেওয়ান মাহবুবুর রহমানের (পরিচিতি নম্বর-১৫৮২৪) বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৭(৮) বিধি অনুযায়ী তাকে ১২/২০২৫ নম্বর বিভাগীয় কার্যধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।