মাঠের বাইরে বিতর্ক, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আইনি টানাপোড়ন আর সাইবার ক্রাইম এজেন্সির কড়া তদন্ত, এসবের মধ্যেই যাচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের ক্যারিয়ারের কঠিনতম সময়। ইংল্যান্ড সফরের মাঝপথে জাতীয় দল থেকে বাদ পড়ার ধাক্কার পর যার ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্ন উঠছিল, সেই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার এবার নিজের ব্যাটকেই কথা বলার সেরা হাতিয়ার বানালেন।
কায়দে আজম ট্রফি গোল্ড সিজনের উদ্বোধনী ম্যাচেই আজ বুধবার ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকালেন ৩৪ বছর বয়সী এই পাকিস্তানি তারকা। আবোটাবাদে পেশোয়ার রিজিয়ন ব্লুজের হয়ে পাঁচ নম্বরে নেমে দীর্ঘ ১২ বছর পর ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে কায়দে আজম ট্রফিতে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটের ডাবল সেঞ্চুরিটি করেছিলেন তিনি। সেই স্মৃতি ফিরিয়েই যেন মাঠের বাইরের সব বিতর্কের জবাব দিলেন তিনি।
ফয়সালাবাদ রিজিয়নের বোলারদের চার-ছক্কার বন্যায় ভাসিয়ে প্রথম দিনে ক্যারিয়ারের ১৬তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করার পর, দ্বিতীয় দিনে সেটিকে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে। ৩৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ২৫২ বলের ধৈর্যশীল অথচ আক্রমণাত্মক এই গুরুত্বপূর্ণ ইনিংস শেষ পর্যন্ত তাঁর নামের পাশে যুক্ত করে দ্বিশতকের প্রাপ্তি।
রিজওয়ানের এই অসাধারণ ইনিংস এবং চার নম্বরে নামা নজাব খানের সেঞ্চুরির ওপর ভর করে পেশোয়ার রিজিয়ন প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫০৩ রানের পাহাড় গড়ে তোলে। রিজওয়ানের ডাবল সেঞ্চুরির পরই অধিনায়ক হিসেবে ইনিংস ঘোষণা করেন তিনি। জবাবে নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের বাকি সময়ে ফয়সালাবাদ ২ উইকেটে তুলেছে ১১৮ রান।
এদিকে প্রায় মাস দুয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের মাঝপথে অফ-ফর্মের অজুহাতে দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের একজন ছিলেন রিজওয়ান। পরবর্তীতে জানা যায়, সেই ঘটনা কেবল মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা রূপ নেয় পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) অবৈধ অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত এক গম্ভীর আইনি তদন্তে।
পিসিবির অভ্যন্তরীণ তদন্ত ও ব্যক্তিগত জীবনে নেমে আসা সেই ঝোড়ো হাওয়ার পর থেকেই তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠছিল। তবে এত সব বিতর্কের ভিড়েও মাঠে নেমে ব্যাট হাতে দেওয়া এই তাণ্ডব যেন বোর্ডকর্তাদের প্রতি তার এক নীরব কড়া জবাব।
শচিন টেন্ডুলকারের যে রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি