জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলাম মনি।
আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, সুলতান সালাহউদ্দিন টুকু, আশরাফউদ্দিন উজ্জ্বল, মীর সরাফত আলী সপু, নুরুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের এম মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও দূতাবাসেও একইভাবে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা কার্যকর থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ দেশে সাধারণ ছুটি থাকবে।
এদিকে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র্যালি উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মানের কাজ চলছে; যেখান থেকে প্রধানমন্ত্রী এই শোভাযাত্রার উদ্বোধন করবেন।
র্যালিটি নয়া পল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, ফার্মগেইট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস